ফরজুন আক্তার মনি:-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “কেউ কেউ বিদেশে বসে বসন্তের কোকিলের মতো আসে, আবার সংকট দেখা দিলে পালিয়ে যায়। কিন্তু আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না—ইনশা আল্লাহ।”
শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করাই জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “১২ তারিখে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পুরোনো দুর্বৃত্তরা যেন নতুন পরিচয়ে আবার ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
হবিগঞ্জ জেলার সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এ জেলায় গ্যাস, চা শিল্প, বনাঞ্চল ও খনিজ সম্পদের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিকল্পিতভাবে এ অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে মাত্র পাঁচ বছরের মধ্যেই হবিগঞ্জের চেহারা বদলে দেওয়া সম্ভব।
তিনি বলেন, “আমরা বেকার যুবক দেখতে চাই না। প্রতিটি মানুষের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই।”
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি জানান, জামায়াত ক্ষমতায় এলে হবিগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। এতে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, সদ্য যোগদানকৃত গণঅধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি