নবীগঞ্জে বালুবোঝাই ট্রাকে হামলা-ভাংচুর, আহত ১০; সড়ক অবরোধ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামে বাড়ি সংস্কারের জন্য আনা বালুবোঝাই ট্রাকে হামলা, ভাংচুর ও লোপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ–শেরপুর সড়কের কুর্শি এলাকায় ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামের সরকার বাড়ির বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ও স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির চৌধুরী সুমন তার বাড়ির বসতঘর সংস্কারের জন্য বালু নিয়ে আসেন। এ সময় বালুবোঝাই তিনটি ট্রাকের মধ্যে একটি ট্রাক বাড়ির গেটের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা আওয়ামী লীগ নেতা হারুন মিয়া ও সদ্য জেল ফেরত ইউপি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তৌফিকের নেতৃত্বে একদল লোক ট্রাক ও চালকের ওপর হামলা চালায়।
হামলাকারীরা ট্রাকটি ভাংচুর করে চালকের কাছ থেকে নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ রয়েছে। চালকের চিৎকারে সাংবাদিক পরিবারের সদস্য ও স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
এ ঘটনায় গুরুতর আহত কালাম মিয়া (৫০) ও সিরাজুল ইসলাম চৌধুরী সুমন (৩৫)–কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া নিপু মিয়া (২৬), কুরুশ মিয়া (৬০), সাব্বির মিয়া (৪৫), রিপন মিয়া (২৮), জুনু মিয়া (২৬)সহ অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ড ১২-৬৮৩৭ নম্বরের ট্রাকটি বাড়ির প্রবেশপথের ক্লিনিকের সামনে আসামাত্র হামলার শিকার হয়। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় ট্রাক শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি