নিজেস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়ের বিরুদ্ধে কলেজের প্রশাসনিক আচরণবিধি লঙ্ঘন ও কর্তব্য অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। ঢাকাস্থ এক নারী সাংবাদিককে বক্তব্য না দিয়ে এড়িয়ে যাওয়া এবং দীর্ঘ সময় কলেজ ক্যাম্পাসে অনুপস্থিত থাকার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকাস্থ সাংবাদিক ফরজুন আক্তার মনি দিনারপুর ডিগ্রি কলেজের কিছু প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ অধ্যক্ষ তনুজ রায়ের একটি অফিশিয়াল বক্তব্য সংগ্রহের চেষ্টা করছিলেন। কিন্তু অধ্যক্ষ নানা অজুহাতে সাংবাদিকের মুখোমুখি হতে তাল-বাহানা করে আসছিলেন। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর সোমবার সাংবাদিক ফরজুন আক্তার মনি বক্তব্য নেওয়ার জন্য সরাসরি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিককে দেখা মাত্রই অধ্যক্ষ তনুজ রায় তড়িঘড়ি করে অফিস কক্ষ ছেড়ে পাঠদান ভবনের দিকে চলে যান। সেখানে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর সাংবাদিক মনি অফিসের পিয়নের কাছে অধ্যক্ষের খোঁজ নিলে পিয়ন জানান, স্যারকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কোথাও চলে যেতে দেখেছেন।
পরবর্তীতে সাংবাদিক মনি অধ্যক্ষের মুঠোফোনে কল দিলে তিনি জানান, তিনি কলেজের এক ছাত্রের বাড়িতে আছেন এবং তাঁর ফিরতে অনেক দেরি হবে। সাংবাদিক আরও আধা ঘণ্টা কলেজে অপেক্ষা করে নবীগঞ্জ পৌর শহরে চলে আসেন। এরও আধা ঘণ্টা পর অধ্যক্ষ তনুজ রায় নিজেই সাংবাদিককে ফোন করে কলেজে আছেন কি না জানতে চান। এ সময় সাংবাদিক মনি তাঁর কাছে জানতে চান—কোনো প্রাতিষ্ঠানিক নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়া এভাবে দীর্ঘ সময় কর্মস্থল বা কলেজ ক্যাম্পাসে অনুপস্থিত থাকা প্রশাসনিক আচরণবিধি লঙ্ঘন কি না? জবাবে অধ্যক্ষ তনুজ রায় দাবি করেন, শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করাও তাঁর অফিশিয়াল কাজেরই অংশ।
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন নাগরিকদের একাংশ জানান, কোনো ধরনের যৌক্তিক কারণ বা দায়িত্ব হস্তান্তর ছাড়া একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার দীর্ঘ সময় ক্যাম্পাস থেকে গায়েব হয়ে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে কলেজের প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে পড়ে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে দিনারপুর ডিগ্রি কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করছেন স্থানীয়রা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি