ফরজুন আক্তার মনি :-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, হবিগঞ্জ-১ নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান—কারণ তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার মতো একজন যোগ্য প্রার্থী পেয়েছেন। তাঁর বিজয় মানেই এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত হওয়া।শনিবার বিকেলে নবীগঞ্জ শহরের করিম রেস্ট হাউজের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, ড. রেজা কিবরিয়া বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে এ এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, “তিনি অর্থমন্ত্রী হলে উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। এমনকি আমি কোনো মন্ত্রণালয় পেলেও আপনাদের উন্নয়নে পাশে থাকবো।”তিনি আরও বলেন, দীর্ঘদিন পলাতক ফ্যাসিস্ট শাসনে দেশ আইনের শাসন ও নিরাপত্তা হারিয়েছিল। ’২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের নতুন সুযোগ এনে দিয়েছে। দেশনায়ক তারেক রহমানের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ড. রেজা কিবরিয়াকে বিজয়ী করা সময়ের দাবি।উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ বলেন, সিলেট বিভাগের ১৯টি আসন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় রেখে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।সভায় বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নজিরবিহীন উন্নয়ন হবে। খেলাধুলার উন্নয়নে দুটি উপজেলায় মডেল স্টেডিয়াম স্থাপন এবং বেকারত্ব দূরীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।তিনি আগামী ১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজনসহ ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি