রাজনীতি যেন ক্যান্সার
ফরজুন আক্তার মনি
ক্ষমতার মোহে অন্ধ যারা, বিবেক দিয়েছে বিসর্জন,
মানুষের তরে নয়কো কিছু, কেবলই নিজের অর্জন।
সেবার নামে চলছে খেলা, মুখোশের আড়ালে বিষ,
সমাজ দেহে ছড়িয়ে পড়েছে মরণব্যাধির শিস।
রাজনীতি আজ হয়েছে যেন এক দুরারোগ্য ক্যান্সার,
নীতির বালাই নেইকো কোথাও, শুধুই স্বার্থের সংসার।
তাজা রক্তে রঙিন রাজপথ, মায়ের কোল হয় খালি,
দখলদারির নোংরা খেলায় পুড়ছে সোনার ডালি।
কোষের মতো বাড়ছে কেবল দুর্নীতির এই ক্ষত,
সততা আজ নির্বাসনে, মাথা করছে নত।
ভালো মানুষের জায়গা কোথায়? সবাই ভয়ে চুপ,
অসুস্থ এই ব্যবস্থাতেই ডুবছে দেশের রূপ।
তবুও আশা বুকের ভেতর, আসবে নতুন ভোর,
কেটে যাবে অন্ধকার আর কাটবে মোহের ঘোর।
সঠিক চিকিৎসার ছোঁয়ায় সুস্থ হবে দেশ,
মানবতার জয়গানে এই ব্যাধির হবে শেষ।
২৭/১১/২০২৬ খ্রিস্টাব্দ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি