নিজস্ব প্রতিবেদক :-প্রবাসী সংগঠন গ্লোবাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় নবীগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, “আমাকে মানুষ যতটা চিনে, তার চেয়ে আমার স্ত্রীকে মানুষ বেশি চিনে। তিনি যখন কোনো এলাকায় মিটিংয়ের আয়োজন করেন, তখন শত শত নারী তার কথা শুনতে ছুটে আসেন।তিনি আরও বলেন, তার স্ত্রী সিমি কিবরিয়া নিরলসভাবে তার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি একজন মাধবপুরের মেয়ে এবং এলাকার মানুষের সঙ্গে অত্যন্ত প্রাণবন্তভাবে কথা বলতে পারেন। এ সময় তিনি স্ত্রী সিমি কিবরিয়ার ভূয়সী প্রশংসা করেন।ড. রেজা কিবরিয়া বলেন, নির্বাচিত হলে হবিগঞ্জ–১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার ও অর্থনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি অগ্রাধিকার দেবেন।
প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন গ্লোবাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নিউজ পোর্টাল বার্তা সিলেট-এর সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রিস প্রবাসী হাফেজ আব্দুল লতিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জিল্লুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী লেখক ও কলামিস্ট আবুল কালাম আজাদ ছোটন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফরাজ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক রোমান আহমদ।মানবজমিন স্টাফ রিপোর্টার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (জুন–ডিসেম্বর) এবং বার্তা সিলেট-এর সম্পাদক সাংবাদিক এম. এ. বাছিতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সৈয়দ শামীম আহমদ, কমিউনিটি লিডার শামীম ঘোরী, আবদাল মিয়া, ইতালি প্রবাসী সাইফুল ইসলাম সিদ্দিকী, আব্দুল মোমিন, সোলেমান আহমেদ, আমীর হোসেন, জুয়েল চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শওকত হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মঈনুল ইসলাম দুলাল, আব্দুল হোসেনসহ আরও অনেকে।অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি